উখিয়া থেকে আরসা কমান্ডার লালু গ্রেফতার

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসার (ARSA) একজন শীর্ষ কমান্ডার হিসেবে পরিচিত জাহিদ হোসেন ওরফে লালুকে গ্রেফতার করেছে যৌথ আভিযানিক দল। এসময় তার কাছ থেকে একটি বিদেশী ফাইভ স্টার পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১ (ওয়েস্ট) এলাকায় অভিযান চালানো হয়। ক্যাম্পের ভেতরে একটি চায়ের দোকানে অবস্থানকালে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গ্রেফতার লালু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি ভয়ংকর সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রতিপক্ষ গ্রুপ দমনে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। সে প্রাক্তন আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিল এবং তার নির্দেশনায় সংঘটিত বেশ কয়েকটি হত্যাকাণ্ডের সাথেও লালুর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

গোয়েন্দা সূত্র আরো জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্প ও আশপাশের এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় সম্প্রতি সে আবার সক্রিয় হয়ে ওঠে। ক্যাম্প এলাকায় অস্থিরতা সৃষ্টি, সাধারণ রোহিঙ্গা ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর উদ্দেশ্যে সে অস্ত্র সংগ্রহ ও সাংগঠনিক তৎপরতা জোরদার করেছিল বলে তথ্য পাওয়া গেছে।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে আরসার বর্তমান কার্যক্রম, সদস্যদের অবস্থান এবং অস্ত্র সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গ্রেফতার জাহিদ হোসেন ওরফে লালুর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী তৎপরতা দমনে এমন অভিযান আরো জোরদার করা হবে এবং কোনো সন্ত্রাসীকেই ছাড় দেয়া হবে না।