দেশজুড়ে জ্বালানি সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গত একদিনে ৩৯১টি অভিযান চালানো হয়েছে। এতে জ্বালানি খাতের অভিযানে ৮৭ হাজার ৭০০ লিটার তেল উদ্ধার করা হয়েছে।
এসব অভিযানে ১৯১টি মামলা দায়ের এবং মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। পাশাপাশি তিন জেলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, সাতক্ষীরা জেলায় একজনকে দুই মাসের, চাঁদপুর জেলায় একজনকে এক বছরের এবং গাজীপুর জেলায় একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া একই দিনে দেশের ৬৪ জেলা থেকে অবৈধভাবে মজুদ করা মোট ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিজেল ৬৭ হাজার ৪০০ লিটার, অকটেন ৬ হাজার ৪৪৪ লিটার এবং পেট্রোল ১৩ হাজার ৮৫৬ লিটার।
মন্ত্রণালয় জানায়, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এসব অভিযান অব্যাহত রয়েছে।