উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১০:৩৮ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় ঢাকা থেকে সিলেটগামী ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বিচ্ছিন্ন থাকার পর সকাল ৯টা থেকে পুনরায় স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকাগামী ‘কালনী এক্সপ্রেস’ এর ইঞ্জিনের সহায়তায় বিকল ট্রেনটিকে সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল শুরু হয়।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টার দিকে শমশেরনগর রেলস্টেশনের অদূরে পূর্ব কালিপুর গ্রামে চলন্ত অবস্থায় উপবন এক্সপ্রেসের ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে চালক বুদ্ধিমত্তার সাথে দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এ সময় ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রোমান আহমেদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। সিলেট থেকে আসা একটি বিকল্প ইঞ্জিন এবং বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘কালনী এক্সপ্রেস’ এর সহায়তায় উপবন এক্সপ্রেসকে উদ্ধার করে শমশেরনগর রেলস্টেশনে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, সকাল ৯টা থেকে রেললাইন পরিষ্কার হওয়ায় ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত উপবন এক্সপ্রেস এবং কালনী এক্সপ্রেস শমশেরনগর স্টেশনে অবস্থান করছে। এই তিন ঘণ্টায় মাঝপথে কয়েকটি ট্রেন আটকা পড়ায় সিলেটগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

NB/
আরও পড়ুন