কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

সোমবার দিবাগত রাত পৌঁনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই ধান কাটার শ্রমিক। 

পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং আহত হন আরও ছয়জন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের লাশ দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।