বরিশালের উজিরপুরে এক অদম্য জীবন সংগ্রামের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে চতুর্থ শ্রেণির ছাত্রী লামিয়া (১০)।
যেখানে তার হাতে থাকার কথা ছিল বই-খাতা, সেখানে পরিবারের মুখে অন্ন জোগাতে তাকে ধরতে হয়েছে ভ্যানের হ্যান্ডেল। প্রতিদিন ফজরের আজানের পরপরই ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে এই শিশুটি।
গত মঙ্গলবার (১২ মে) সকালে সরেজমিনে দেখা যায়, তীব্র গরম উপেক্ষা করে নতুনহাট বাজারের সামনে যাত্রীর অপেক্ষায় বসে আছে লামিয়া। সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো যাত্রীর দেখা না পেলেও হাল ছাড়েনি সে। লামিয়ার বাড়ি উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া গাভা গ্রামে।
আলাপকালে লামিয়া জানায়, অল্প বয়সে কেন ভ্যান চালাতে বের হয়েছে—এমন প্রশ্নের জবাবে সহজ সরল ভাষায় লামিয়া বলে, ‘পেটের দায়ে ভ্যান নিয়ে বের হয়েছি। পেট তো আর গরম বোঝে না।’
সে আরও জানায়, প্রায় দুই বছর আগে তার মা মারা গেছেন। বাবা দীর্ঘদিনের অসুস্থ। তাই সংসারের চাকা সচল রাখতে নিজেকেই রাস্তায় নামতে হয়েছে।
লামিয়ার ভাষায়, ‘প্রতিদিন ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়ে কোনোমতে ডাল-ভাত খেয়ে দিন চলে। মাংস খাওয়া আমাদের কাছে স্বপ্নের মতো। এখন সড়কে মানুষ কম, মানুষের হাতে টাকাও নেই। তাই সারাদিন কষ্ট করলেও ২০০ থেকে ৩০০ টাকার বেশি আয় হয় না।’
এই সংগ্রামী শিশুর সংবাদটি নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।
তিনি জানান, ‘চতুর্থ শ্রেণির ছাত্রী লামিয়ার পড়াশোনার সমস্ত খরচ এখন থেকে আমি বহন করব। এছাড়া তাকে বিভিন্ন খাত থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তাও প্রদান করা হবে।’