১০ হাজার টাকা না দিলে সন্তান বিক্রির হুমকি, মেয়েকে নিয়ে উধাও বাবা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ এএম

গাইবান্ধা পৌর শহরে ফাতেমা আক্তার জান্নাত নামের ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে উধাও হওয়ার পর ১০ হাজার টাকা দাবি এবং টাকা না দিলে শিশুটিকে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হামিদুল মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রায় দুই মাস ধরে সন্তানটির কোনো সন্ধান না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন মা রুমানা আক্তার।

নিখোঁজ সন্তানকে উদ্ধারের জন্য থানায় ও আদালতে অভিযোগ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি বলে জানিয়েছেন রুমানা।

রুমানা আক্তারের ভাষ্য, গত ১৭ জুলাই বিকেলে তার স্বামী হামিদুল মিয়া শ্বশুরবাড়িতে যান। সেখানে শিশু ফাতেমাকে জুস কিনে দেওয়ার কথা বলে কোলে নিয়ে বাইরে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। ঘটনার দুই দিন পর হামিদুল ফোন করে মেয়েকে ফেরত দেওয়ার বিনিময়ে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে শিশুটিকে বিক্রি করে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করেন রুমানা।

রুমানা বলেন, তিনি কোনো কিছু চান না, শুধু সন্তানকে ফিরে পেতে চান। মেয়েটি কোথায় আছে বা কী অবস্থায় আছে, তা জানেন না বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ে হামিদুলের সঙ্গে রুমানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকের টাকা জোগাড় করা নিয়ে হামিদুল রুমানাকে শারীরিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। সন্তান জন্মের পর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। একপর্যায়ে বাধ্য হয়ে রুমানা শিশুটিকে নিয়ে গাইবান্ধা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধানঘড়া এলাকায় বাবার বাড়িতে চলে যান।

স্বজনদের অভিযোগ, মাদকের অর্থ সংগ্রহের জন্যই হামিদুল নিজের সন্তানকে ব্যবহার করছেন। স্থানীয় বাসিন্দারাও তার মাদকাসক্তির বিষয়টি জানেন বলে দাবি করেছেন।

শিশুটির নানি রোশনা বেগম বলেন, তারা দিনমজুর ও দরিদ্র পরিবার। ফলে ১০ হাজার টাকা দেওয়ার সামর্থ্য তাদের নেই। নাতনিকে দ্রুত জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চান তিনি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

এমইউ
আরও পড়ুন