কক্সবাজারের উখিয়া সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি (এএ) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো. সালমান (২৭) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উখিয়া সীমান্তের বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ কাটাপাহাড় পোস্ট সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ ভেতরে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন রোহিঙ্গা যুবক সালমান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
আহত সালমান উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা। তিনি মো. নিজামত আলীর ছেলে। কী কারণে তিনি মিয়ানমারের অভ্যন্তরে গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে রোববার (২৪ মে) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তেও স্থলমাইন বিস্ফোরণে তিন পাহাড়ি বাংলাদেশি নিহত হন। ঘুমধুম সীমান্তের শূন্যরেখা এলাকায় কাঠ সংগ্রহ করতে গিয়ে তারা মাইনের কবলে পড়েন বলে জানিয়েছে বিজিবি।
নিহতরা হলেন- লেঠাইয়া চাকমা (৪১), অংক্যামং চাকমা (৫০) ও চিংক্যা অং চাকমা (৪০)।
সীমান্ত সূত্র ও বিজিবির তথ্যমতে, গত দেড় বছরে নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে ৪০ জনের বেশি মানুষ গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। প্রাণ গেছে অন্তত চারজনের।