ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার সীমান্তবর্তী এলাকা সোয়াদি ও ঝাটুরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী আল বোরাক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট হাসান উদ্দীন।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঈদ যাত্রায় ফেরার পথে কিছুসংখ্যক যাত্রী নিয়ে আল বোরাক পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। কেউ গুরুতর আহত হননি।