সীমান্তে ভারত-বাংলাদেশ ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়ায় পালালো ভারতীয়রা!

জামালপুর জেলার বকশীগঞ্জ সীমান্তে এক ভারতীয় নাগরিককে জোরপূর্বক পুশইন করাকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। 

এসময় ভারতের জনগণ বাংলাদেশী নাগরিকদের উদ্দেশ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে। পরে বাংলাদেশী স্থানীয় বাসিন্দারা তা প্রতিহত করতে পাল্টা ইটপাটকেল ছুঁড়ে। 

এই উত্তেজনা বিজিবি-বিএসএফ ছাড়াও ছড়িয়ে পড়েছে দুই দেশের জনগণের মধ্যেও। 

বুধবার (১০ জুন) বিকেলে দুই দেশের জনগণের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বাংলাদেশীদের ধাওয়ায় এক পর্যায়ে পালিয়ে যায় ভারতীয়রা।

জানা গেছে, বুধবার সকালে বকশীগঞ্জের রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। 

এসময় বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে পুশইন চেষ্টা ব্যর্থ হলেও শূন্য রেখায় ওই ব্যক্তিকে ফেলে রেখে যায় বিএসএফ সদস্যরা। 

শূন্য রেখা থেকে ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা বাধা দেয়। পরে আবার শূন্য রেখায় চলে যায় ৬০ বছর বয়সি ওই ব্যক্তি। 

এ নিয়ে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো পক্ষই ওই ব্যক্তিকে নিতে রাজী হয়নি। 

এরপর থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে। এক পর্যায়ে দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

বিকেলে কাঁটাতারের বেড়া ভেদ করে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় দুই দেশের জনগণের মধ্যে।

এক পর্যায়ে ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতীয়রা।

স্থানীয়রা জানান, ভারতের বিএসএফ প্রতিনিয়ত পুশইনের চেষ্টা করছে। আমরা বিজিবিকে সহযোগিতা করতে গেলেই তারা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। বিকালে ভারতের কয়েকজন যুবক বাংলাদেশিদের লক্ষ্য করে ঢিল ছুড়লে আমরাও পাল্টা ঢিল ছুড়ি। আমাদের প্রতিরোধের মুখে তারা পালাতে বাধ্য হয়।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে শূন্য রেখা অতিক্রম না করতে প্রত্যেকটি নাগরিককে অনুরোধ করছি। এসময় তিনি বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।