মধ্যরাতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মধ্যরাতে গাজীপুরের শ্রীপুরে তালহা স্পিনিং লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

এ ঘটনায় সড়কের দুইপাশের শতশত যানবাহন দুর্ভোগে পড়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০ টার দিকে শ্রীপুর উপজেলাধীর এমসি বাজার এলাকায় মহাসড়কের দুটি লেন দখল করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

জানা গেছে, কারখানার শ্রমিকদের গত মে মাসের বেতন বকেয়া রয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে বেতন পরিশোধের কথা ছিল। একের পর এক তারিখ দিয়ে আসছে কারখানা কর্তৃপক্ষ। এ নিয়ে কারখানা ছুটির পর শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। এসময় শ্রমিকরা বেতন চেয়ে কারখানার ভেতর আন্দোলন শুরু করেন। 

এক পর্যায়ে রাত সাড়ে ১০ টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশেই যানবাহণ চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের কারণে চার কিলোমিটার যানজট সৃষ্টি হয়।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে গেলে তারা পুলিশের উপর ক্ষিপ্ত হন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১২টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান করছিলেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, রাত আনুমানিক ১০টা থেকে শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করছেন। সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের সাথে কথা বলে সুরাহা করার চেষ্টা করছে পুলিশ।