শ্রমিকদের অবরোধে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, দুর্ভোগে যাত্রীরা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ৩টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে তাঁরা সড়কে অবস্থান নেন।

শ্রমিকেরা লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আটকে পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

এর আগের দিন সোমবারও একই দাবিতে সড়কটি অবরোধ করেছিলেন শ্রমিকেরা। দুপুর থেকে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বিকেল সোয়া ৪টার দিকে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সোমবার শ্রমিকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, সব পোশাক কারখানায় রেশনিং ব্যবস্থা চালু, ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা, শ্রমিক আমজাদ হোসেন কামালসহ নিহত শ্রমিকদের হত্যার বিচার এবং বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ করে শ্রম আইন পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, জনদুর্ভোগ কমাতে সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এমইউ
আরও পড়ুন