রংপুরে নিখোঁজ শিশুর মরদেহ পাটক্ষেত থেকে উদ্ধার

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের পরদিন পাটক্ষেত থেকে সানজিদা (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের ডালিয়া ক্যালেন এলাকার একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার হয়। 
শিশু সানজিদা উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বাড়ির পাশের খেলাধুলার এক পর্যায়ে শিশু সানজিদা নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ও এলাকার বাসিন্দারা বিভিন্ন স্থানে বিকাল থেকে রাতভর খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। 

পরের দিন দুপুরে সানজিদার বাড়ির নিকটবর্তী এলাকার ডালিয়া ক্যালেনের পাশে একটি পাট ক্ষেতে এলাকার একজন সানজিদার লাশ দেখতে পেয়ে পরিবারের কাছে খবর দেন। 

পরে সানজিদার পরিবারের লোকজন পাটক্ষেতে শিশুটির লাশ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থানে গিয়ে সানজিদার লাশ উদ্ধার করে। 

আলমপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল জানান, শিশুটি বিকালে নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। 

শুক্রবার দুপুরে একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শিশুটি মরদেহ উদ্ধার করে রংপুরে মর্গে পাঠানো হয়েছে।