পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। এতে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে এবং তার মা নদীতে নিখোঁজ রয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় অর্পিতা বেপারী (৮) নামের শিশুটি এবং নদীতে নিখোঁজ হন তার মা রিনা বেপারী (৩৫)।
নিহত শিশু ও নিখোঁজ নারী নেছারাবাদ উপজেলার ভরতকাঠী গ্রামের অধিবাসী শংকর বেপারীর পরিবার। পেশায় সিকিউরিটি গার্ড শংকর বেপারী দুর্গোৎসবের ছুটিতে পরিবার নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার রাতে শ্রীরামকাঠী এলাকায় দুর্গাপূজার মণ্ডপ দেখে সপরিবারে ট্রলারে করে বাড়ি ফিরছিলেন তারা। ট্রলারটিতে ৫০ জনেরও বেশি যাত্রী এবং ৬টি মোটরসাইকেল তোলা হয়েছিল।
অতিরিক্ত ওজনের কারণে ভারসাম্য হারিয়ে ট্রলারটি মাঝনদীতে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে বা স্থানীয়দের সাহায্যে তীরে উঠতে পারলেও শিশু অর্পিতা ও তার মা পানিতে তলিয়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ১১টা ১০ মিনিটে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
উদ্ধারকৃত শিশু অর্পিতার মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নদী ও রাতের অন্ধকার বিবেচনায় সাময়িকভাবে উদ্ধার তৎপরতা স্থগিত করা হলেও মঙ্গলবার সকালে আবার অনুসন্ধান শুরু হবে।
নাজিরপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
লক্ষ্ণৌতে 'ভারতবিরোধী রাবণ' পোস্টারে ড. ইউনূস ও ইলন মাস্ক
ইরানের ওপর জোরদার আক্রমণ চালাচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প