চাঁপাইনবাবগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নিউ মার্কেটের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, দোতলায় থাকা ‘রাজশাহী স্টোর’ নামের একটি দোকান থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও ৩ থেকে ৪টি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। পরে শিবগঞ্জ থেকে ২টি এবং নাচোল থেকে আরও ১টি ইউনিট যোগ দেয়। মোট ৬টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ জানান, খবর পাওয়ার পরই তাদের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।
এদিকে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম জানান, সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে একাধিক ইউনিট যোগ দিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বেলা সাড়ে ১১টার দিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।