বরগুনায় গ্রামীণ ব্যাংকে আগুন

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

বরগুনার আমতলীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ব্যাংক ভবনের সামনের বারান্দা ও মূল ফটকের কলাপসিপল গেটের ভেতরের অংশ পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়করে পাশে কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গ্রামীণ ব্যাংক কড়ইবুনিয়া শাখার মূল ফটকে এই ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের লোকজন মোটরসাইকেলে এসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আমতলী সদর ইউনিয়নের আওয়ামী যুবলীগ সভাপতি জিএম হান্নান ফেসবুকে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার একটি ভিডিও আপলোড দিয়ে ক্যাপশনে লেখেন, ‘ভবিষ্যতে ওই ব্যাংকের ভবনটি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় বানানো হবে।’ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৩টার দিকে গ্রামীণ ব্যাংক ভবনের সামনের অংশে বারান্দায় বাহির থেকে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ভবনের সামনের অংশে (বারান্দায়) আগুন ধরলেও ভেতরে তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

গ্রামীণ ব্যাংক কড়ইবুনিয়া শাখা ব্যবস্থাপক দ্বীপরাজ পাল বলেন, সোমবার রাতে একদল দুর্বৃত্ত পেট্রল ঢেলে ভবনের সামনের অংশের বারান্দায় ও মূল ফটকের ভিতরে আগুন ধরিয়ে দেয়। এতে ভবনের ভেতরের মূল্যবান কাগজপত্র ও আসবাবপত্রের তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

 

জেএম
আরও পড়ুন