নরসিংদীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে। 

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত শিশুদের মধ্যে রয়েছে ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা, তুহিন মিয়ার মেয়ে আশামনি ও শুককুর আলীর মেয়ে সুমাইয়া। 

মৃতদের মধ্যে কওমি মাদরাসার চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির স্কুলপড়ুয়া ছাত্রী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলের ও মেয়ের ঘরের নাতনি। অন্যদিকে সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। 

শনিবার দুপুরে তারা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সুমাইয়া পানিতে ডুব দিয়ে আর ভেসে ওঠেনি। তাকে খুঁজতে বাকি দুই শিশু ফাতেমা ও আশামনিও পানিতে নামে এবং একপর্যায়ে তারাও গভীর পানিতে তলিয়ে যায়। 

দীর্ঘ সময় পার হলেও শিশুরা বাড়ি ফিরে না আসায় স্বজনদের সন্দেহ হয়। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং তিন শিশুর লাশ উদ্ধার করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’