মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপথী এলাকায় এসএসবিসি প্রকল্পের উদ্যোগে এ সভা হয়। এতে স্থানীয় বিভিন্ন পর্যায়ের অংশীজনেরা অংশ নেন।
সন্তোষপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য বিভাগের সহকারী হেলথ ইন্সপেক্টর আক্কাছ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সন্তোষপুরের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রেওশন-আরা খাতুন এবং পরিবার কল্যাণ সহকারী ফাতেমা খাতুন ও আনোয়ারা খাতুন। এ ছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কুড়িগ্রামের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফ্যাসিলিটেটর মায়ামনি মিষ্টি, আশামনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় মাতৃস্বাস্থ্যের বিদ্যমান সংকট, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের যত্ন, শিশুদের নিয়মিত টিকাদান, অপুষ্টি প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব এবং তা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে করণীয় নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
বক্তারা বলেন, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচি দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়। সাধারণ মানুষের মতামত ও এলাকার বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে মা ও শিশুর স্বাস্থ্য পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
গাজার নাসের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ৬
ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা