সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেয়ার ঘটনায় মামলা, আটক মা

ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যা সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেয়ার ঘটনায় সেই মায়ের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন শিশুর বাবা সাইদুল ইসলাম।

 

শনিবার (১১ জুলাই) বিকেলে তিনি নলছিটি থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে তার সাবেক স্ত্রী লাকি আক্তারকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পরই পুলিশ তাকে গ্রেফতার করেছে।

 

এ ব্যাপারে সাইদুল ইসলাম বলেন, ‘এক মাস আগে তার সাথে আমার ডিভোর্স হয়েছে। সে আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে তাকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। আমার মেয়ে সাঁতার জানে না কিন্তু স্ত্রী সাঁতার জানে। যদি ওখানের লোকজন দুজনকে উদ্ধার না করত, তাহলে আমার মেয়ে পানিতে ডুবে মারা যেত আর স্ত্রী বেঁচে যেত।’

 

উল্লেখ্য, গত শুক্রবার রাত নয়টার দিকে নলছিটি পৌর এলাকার বাসিন্দা সাইদুল ইসলামের সাবেক স্ত্রী লাকি আক্তার তার পাঁচ বছরের কন্যা সন্তান নিয়ে নলছিটির ফেরিঘাট এলাকা থেকে নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা দ্রুত তাদের দুজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘পাঁচ বছরের কন্যা সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় ওই কন্যার বাবা একটি এজাহার দিয়েছেন। আমরা সেটিকে মামলা হিসেবে রুজু করে লাকি আক্তারকে গ্রেফতার করেছি। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।’