বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ৩৮ বিজিবির অধীনস্থ তিন্দু ক্যাম্পসংলগ্ন সাঙ্গু নদীর তীরে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে, গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার তিন্দু এলাকায় সাঙ্গু নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেলে জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।
পরদিন ২৫ জুলাই চট্টগ্রাম থেকে তিন সদস্যের একটি ডুবুরি দল থানচিতে এসে স্থানীয় ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের সঙ্গে অভিযানে যোগ দেয়। মোট আটজন ডুবুরি দীর্ঘ সময় নদীতে তল্লাশি চালালেও তখন নিখোঁজ পর্যটকের সন্ধান মেলেনি। অবশেষে দুই দিন পর নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত ও পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের নিরাপত্তার জন্য থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বান্দরবান জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের পর্যটন সেল জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয় নৌযাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন ও প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।