সাব-রেজিস্ট্রার না থাকায় দিনাজপুরের ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে স্থবির হয়ে পড়েছে জমি কেনাবেচার দলিল নিবন্ধন কার্যক্রম। এ অফিসের নিয়মিত সাব-রেজিস্ট্রার দুই মাসের প্রশিক্ষণে যাওয়ার পর অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তাও ছুটিতে থাকায় টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ এ সেবা। প্রতিদিন অফিসে এসে দলিল নিবন্ধন না করেই ফিরে যাচ্ছেন সেবাপ্রার্থীরা। এতে জমি কেনাবেচা, ব্যাংক ঋণ, নামজারি ও জরুরি আর্থিক লেনদেনসহ নানা কাজে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, গত ১৭ জুন নিয়মিত সাব-রেজিস্ট্রার কামরুন নাহার দুই মাসের প্রশিক্ষণে যান। তাঁর অনুপস্থিতিতে অতিরিক্ত দায়িত্ব হিসেবে অন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। তবে ওই কর্মকর্তা অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে যাওয়ায় কার্যত বন্ধ হয়ে যায় দলিল নিবন্ধনের কার্যক্রম।
অফিসটিতে সাধারণত প্রতি মাসে ১৫০ থেকে ২০০টি দলিল নিবন্ধন হয়ে থাকে। এর মাধ্যমে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্বও পেয়ে থাকে। কিন্তু কর্মকর্তা না থাকায় বর্তমানে দলিল নিবন্ধনের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমও ব্যাহত হচ্ছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে ৫০ থেকে ৬০ জন সেবাপ্রার্থী অফিসে এলেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।
জমি বিক্রির টাকা লেনদেন সম্পন্ন হলেও শুধু দলিল নিবন্ধন না হওয়ায় অনেকের জমি কেনাবেচার প্রক্রিয়া আটকে আছে। আবার ব্যাংক ঋণ গ্রহণ, ঋণ সমন্বয় কিংবা জমি মর্টগেজ রাখার মতো গুরুত্বপূর্ণ কাজও করতে পারছেন না অনেকে। ফলে ব্যক্তিগত ও ব্যবসায়িক নানা কাজে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সেবাপ্রার্থীরা।
উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা মাহবুব বলেন, ‘জমি কেনাবেচার টাকার লেনদেন অনেক আগেই শেষ হয়েছে। এখন শুধু দলিল নিবন্ধন বাকি। প্রতিদিন সাব-রেজিস্ট্রি অফিসে এসে ফিরে যেতে হচ্ছে। কাজ ঝুলে থাকায় চরম বিপদে পড়েছি।’
আরেক সেবাপ্রার্থী বলেন, “ব্যাংক ঋণ সমন্বয়ের জন্য জমি মর্টগেজ রাখা জরুরি। কিন্তু সাব-রেজিস্ট্রার না থাকায় প্রতিদিন অফিসে এসে ঘুরতে হচ্ছে। এতে ব্যবসার বড় ধরনের ক্ষতি হচ্ছে।”
ঘোড়াঘাট দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রাখু বলেন, সাব-রেজিস্ট্রার না থাকায় শুধু সেবাপ্রার্থীরাই নন, সাব-রেজিস্ট্রি অফিসকেন্দ্রিক দলিল লেখক, স্ট্যাম্প বিক্রেতা ও সংশ্লিষ্ট অনেক মানুষও কর্মহীন হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ থাকায় তাঁদের আয়-রোজগারেও প্রভাব পড়েছে।
তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে জেলা রেজিস্ট্রারের সঙ্গে কথা হয়েছে। তিনি দ্রুত কর্মকর্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু কবে সমস্যার সমাধান হবে, সেটির অপেক্ষায় রয়েছেন ঘোড়াঘাটবাসী।’
এ বিষয়ে দিনাজপুরের জেলা রেজিস্ট্রার সাজেদুল হক বলেন, ‘ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসের জন্য নতুন কর্মকর্তা পদায়ন করা হয়েছে। তিনি আগামী ২৯ জুলাই (বুধবার) থেকে অফিসে দায়িত্ব পালন করবেন।’
উপজেলা সদর দপ্তর সুবিধাজনক স্থানে করার দাবীতে ফটিকছড়িতে ৪৮ ঘন্টা হরতাল
চট্টগ্রামে ড্রেনে মিললো একে-৪৭ ও এসএমজির বস্তাবন্দী ১৩৫০ বুলেট
লালমোহনে বাস চাপায় শিশু নিহত