১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ করলো বাংলালিংক

বর্ষা মৌসুমে দেশের ১০টি সিটি করপোরেশন এলাকার রিকশা ও ভ্যানচালকদের মধ্যে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জীবিকার তাগিদে কাজ করে যাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

উদ্যোগের আওতায় ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী সিটি করপোরেশন এলাকার রিকশা ও ভ্যানচালকদের মধ্যে এসব রেইনকোট বিতরণ করা হয়।

বাংলালিংক জানিয়েছে, রিকশা ও ভ্যানচালকদের অনেকেই প্রবল বৃষ্টির মধ্যেও জীবিকার প্রয়োজনে রাস্তায় কাজ করতে বাধ্য হন। পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই দীর্ঘ সময় বৃষ্টিতে ভিজে কাজ করার ফলে তাদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রয়োজনের সময়ে তাদের কিছুটা সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই রেইনকোট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “আমরা সবসময় মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার কথা বলি। এই উদ্যোগ সেই ভাবনারই বাস্তব রূপ। শ্রমজীবী এসব মানুষ বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদের শহরগুলোকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একটি রেইনকোট হয়তো ছোট একটি উদ্যোগ, তবে এর মাধ্যমে তাদের পরিশ্রমকে আমরা সম্মান জানাচ্ছি। একই সঙ্গে এ উদ্যোগ মানুষের কল্যাণে তাদের পাশে থাকার প্রতিশ্রুতিরও প্রকাশ।”

প্রতিষ্ঠানটি বলছে, দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে তাদের ভূমিকা শুধু সংযোগসেবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রয়োজনের সময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং কমিউনিটির জন্য ইতিবাচক অবদান রাখাও তাদের অঙ্গীকারের অংশ।

বাংলালিংকের মতে, প্রতিকূল আবহাওয়ায় শ্রমজীবী মানুষের জন্য এ ধরনের সহায়তা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও জনকল্যাণে ভূমিকা রাখার বৃহত্তর লক্ষ্যকে এগিয়ে নেয়। ভবিষ্যতেও প্রাত্যহিক কার্যক্রমের পাশাপাশি করপোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জন্য কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।