ছুরিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০১:০৯ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ছুরিবিদ্ধ জাকির হোসেন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল এলাকার মাগুরা ভিটা গ্রামের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাকির হোসেন ওই গ্রামের শিবলু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। প্রায় ৬ মাস আগে প্রবাসজীবন শেষ করে ফেরেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যায় চাতল এলাকার মাগুরা ভিটা বিলে মাছ শিকারে বের হন জাকির হোসেন। কয়েক ঘণ্টা পর এক নিকটাত্মীয় বাড়ির পেছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে  ছুরিবিদ্ধ অবস্থায় জাকির হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা বেরিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

জাকির হোসেনের বোন-জামাই হান্নান মিয়া জানান, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে গেলে জাকির হোসেনকে ছুরিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। কারা এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তিনি কোনো ধারণা দিতে পারেননি।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ছুরিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

MU
আরও পড়ুন