দৌলতদিয়ায় এসএসসি ফলাফলে চরম বিপর্যয়!

১০ শিক্ষকের স্কুলে ১ শিক্ষার্থীর সাফল্য! 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আক্কছ আলী উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় চরম ফলাফল বিপর্যয় ঘটেছে। ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাস করেছেন মাত্র ১ জন।

বিদ্যালয়টিতে ১০ জন সহকারী শিক্ষক এবং পরিচ্ছন্নতাকর্মী, আয়া ও নৈশপ্রহরীসহ মোট ১৬ জন স্টাফ কর্মরত রয়েছেন। সুবিধাজনক অবকাঠামো ও সুন্দর দুটি ভবন থাকা সত্ত্বেও পুরো স্কুলে বর্তমানে মাত্র ৫৯ জন শিক্ষার্থী অধ্যয়নরত।

তথ্যমতে, টেস্ট পরীক্ষায় পাস করেছিল মাত্র ৭ থেকে ৮ জন শিক্ষার্থী। তবে এমপিও সুবিধা টিকিয়ে রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মানুযায়ী বাধ্য হয়ে ৩৩ জনকেই চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়।

প্রধান শিক্ষক মো: জাকির হোসেন জানান, অভিভাবকদের সচেতনতার অভাব ও শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল ও টিকটক আসক্তিই এই ধস নামার মূল কারণ। বারবার ডাকা সত্ত্বেও অধিকাংশ অভিভাবক স্কুলে আসেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস জানিয়েছেন, বিষয়টি পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা জানান, এমন হতাশাজনক ফলাফল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার মান উন্নয়নে গোয়ালন্দ উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

সোর্স: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রধান শিক্ষকের দেওয়া তথ্য অনুযায়ী।