যশোরের কেশবপুরে বাবার মরদেহ সামনে রেখে দুই ভাইয়ের মারামারির পর এবার বৃদ্ধ মাকে ভিটেবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার নির্মম অভিযোগ উঠেছে। শোকে কাতর অসহায় বৃদ্ধা নুরজাহান বেগমের এখন ঠাঁই হয়েছে প্রায় ১২ কিলোমিটার দূরে মেয়ের বাড়িতে।
গত মঙ্গলবার সকালে কেশবপুরের সন্যাসগাছা গ্রামে অমানবিক এই ঘটনাটি ঘটে। এর আগে সোমবার সকালে স্বামী খালেক মানের মরদেহ বারান্দায় থাকা অবস্থায় কবরের জমি নিয়ে দুই ছেলে মাহবুর ও আসাবুর সংঘর্ষে জড়ান।
সেই মারামারিতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নিজ ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয় সদ্য বিধবা হওয়া এই বৃদ্ধা মাকে।
বর্তমানে পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা গ্রামে নিজ মেয়ের আশ্রয়ে আছেন নুরজাহান বেগম। বিষয়টি নিশ্চিত করে তার মেয়েজামাই নজরুল ইসলাম জানান, চরম মানসিক যন্ত্রণা ও নিরাপত্তা হীনতায় তিনি এখানে চলে এসেছেন।
এদিকে আসাবুর রহমানের ছেলে আল আমিন জানান, তার বাবা চিকিৎসাধীন এবং আইনি ভয়ে বড় চাচাও গা-ঢাকা দিয়েছেন। তবে দাদি কোথায় আছেন তা তার জানা নেই বলে দাবি করেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য পংকজ চক্রবর্তী জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সূত্র: স্থানীয় জনপ্রতিনিধি ও কেশবপুর থানা পুলিশ।