কালিয়াকৈরে শিয়ালের কামড়ে আহত ২৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নে বন থেকে লোকালয়ে আসা শিয়ালের আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। গত তিন দিনে শিয়ালের আক্রমণে শিশু ও বৃদ্ধসহ অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছেন।

শিয়ালের কামড় থেকে বাঁচতে হাটে-বাজারে ও মসজিদে যাতায়াতের সময় হাতে লাঠি রাখছেন স্থানীয়রা। বন্যপ্রাণীর এই তাণ্ডবে শিশুরা স্কুলে যেতে ভয় পাচ্ছে এবং গৃহপালিত পশুও আক্রমণের শিকার হচ্ছে।

উপজেলার ধুলিগড়া, পামওয়েল বাজার ও গন্দেকচালা এলাকায় খাবারের সন্ধানে বনের বাইরে এসে হিংস্র হয়ে উঠেছে শিয়ালের দল। আক্রান্তদের উদ্ধার করে বিভিন্ন উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বন সংরক্ষণে বিধিনিষেধ থাকায় শিয়াল মারা সম্ভব নয়, তবে উদ্ধার করে ভ্যাকসিনের আওতায় আনার চেষ্টা চলছে। স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।