দিনাজপুর সীমান্তে ২০-২৫ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ

দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২০ থেকে ২৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে তাদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, রাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বেশ কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করেন। পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ।

ঘটনার পর ওই সীমান্ত এলাকায় পুশ-ইন ঠেকাতে বিজিবির সঙ্গে গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান।