ডিসেম্বর মাসকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে প্রায় ৪৬ কিলোমিটার সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। বিশেষ করে কাঁটাতারবিহীন সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন বিজিবি সদস্যরা। দিন-রাত সতর্ক অবস্থানের পাশাপাশি রাতে সার্চলাইট জ্বালিয়ে চলছে সীমান্ত পাহারা।
দৌলতপুর সীমান্তের বিপরীতে ভারতের অংশে প্রায় ১৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে। তবে বাকি অংশ কাঁটাতারবিহীন। ফলে এসব এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন সীমান্তকেন্দ্রিক অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য অপরাধ ও নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় বাসিন্দারাও সজাগ রয়েছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাস সামনে রেখে সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা তৎপরতা। রাতে সার্চলাইটের আলোয় সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। সন্দেহজনক চলাচল শনাক্ত এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে সংবেদনশীল এলাকাগুলোতে রাখা হচ্ছে বাড়তি নজরদারি।
সীমান্ত এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, আগের তুলনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বেড়েছে। সতর্কতা জোরদার করা হয়েছে। রাতের বেলায় সার্চলাইট জ্বালিয়ে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় বাসিন্দারাও তাদের সহযোগিতা করছেন।
সীমান্তে বাড়তি নজরদারি ও টহল জোরদারের বিষয়ে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়েছে। আগামী দিনগুলোতেও সীমান্তে এ ধরনের সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্বৈরাচারী শাসনামলে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছিল: রাষ্ট্রপতি
পে স্কেলে অন্তর্ভুক্ত হলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা