উপহার নয়, বিয়েতে চাওয়া হলো শুধু দোয়া

বিয়েবাড়িতে আমন্ত্রিত অতিথিরা এসে বর-কনেকে শুভেচ্ছা জানাচ্ছেন, তবে কারও হাতে নেই কোনো উপহারের প্যাকেট বা টাকা ভর্তি খাম। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামে অনুষ্ঠিত একটি বিয়েতে দেখা গেছে সামাজিক রীতির বাইরে এমন এক ব্যতিক্রমী চিত্র।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামিয়া ইসলামের বিয়েতে উপহার না নেওয়ার সিদ্ধান্তটি গ্রহণ করে তার পরিবার। প্রবেশদ্বারে টাঙানো প্ল্যাকার্ডে স্পষ্ট লেখা ছিল, কোনো ধরনের উপহার গ্রহণ করা হবে না; অতিথিদের উপস্থিতি ও দোয়াই নবদম্পতির মূল উপহার।

কনে সামিয়া ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের নির্বাচিত সাবেক কমনরুম সম্পাদক এবং স্থানীয় মাদ্রাসা সুপার মাওলানা আমিনুল ইসলাম কাইয়ুমের কন্যা। বর নাসরুল্লাহ আল মারুফ আমেরিকা প্রবাসী এবং মঙ্গলবাড়ীয়া এলাকার সন্তান।

সামিয়ার চাচা এস এম রায়হান জানান, উপহারের মানসিক চাপ যেন অতিথিদের ওপর না পড়ে, সেজন্যই পরিবারের সর্বসম্মতিক্রমে এই নজির তৈরি করা হয়েছে। স্থানীয়রাও মনে করছেন, সামাজিকতার নামে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর এমন উদ্যোগ অন্যদেরও ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে।