লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন, একই ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া ও ব্যবসায়ী সাইফুল ইসলাম।
পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম জানান, বুড়িমারী স্থলবন্দরগামী একটি চলন্ত ট্রাকের চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত আরও পাঁচজনকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
স্থানীয়রা জানান, হতাহতরা মাছ ও অন্যান্য মালামাল আনতে পাটগ্রামের দিকে যাচ্ছিলেন।