প্রধানমন্ত্রীর ভারত সফর কবে?

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে। তবে এখনো দুই দেশের পক্ষ থেকে সফরের তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এর আগে তারেক রহমানের ভারত সফরের একটি উদ্যোগ বাতিল হয়ে গিয়েছিল। এবার নতুন করে সফরের তারিখ চূড়ান্ত করার প্রক্রিয়া এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে আলোচনা আরও গতি পেতে পারে।

তবে সফরটি বাস্তবে হবে কি না, সে ক্ষেত্রে ঢাকার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি অমীমাংসিত ইস্যু। এসব বিষয়ে কোনো সমাধান বা অগ্রগতি সফরের চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। এর আগে রয়টার্সও জানিয়েছিল, শেখ হাসিনাকে নিয়ে দুই দেশের টানাপোড়েনের মধ্যেই তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছিল।

এর মধ্যেই তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে মোদিও দ্রুত প্রতিক্রিয়া জানান। দুই নেতার এই বার্তা বিনিময় সফরের তারিখ দ্রুত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময় নিয়ে এখনো বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। দুই পক্ষই এ বিষয়ে প্রকাশ্যে নিশ্চিত বা অস্বীকারও করেনি।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল ঢাকা সফর করেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর ওই সফরের বিষয়ে কোনো পক্ষই নিশ্চিত বা অস্বীকার করেনি।

এর আগে আগস্টেও তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা হয়েছিল। রয়টার্স জানিয়েছিল, সফরের সম্ভাব্য সময় নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, তখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

দুই দেশের সম্পর্কের বিভিন্ন অমীমাংসিত বিষয় এবং শেখ হাসিনার প্রত্যর্পণের প্রশ্নের মধ্যে নতুন করে তারেক রহমানের ভারত সফরের সময়সূচি নির্ধারণে আলোচনা চলছে।

এএম
আরও পড়ুন