শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাই গ্রেফতার

রংপুরে শ্যালিকাকে দীর্ঘ সময় ধরে ধর্ষণের অভিযোগে মো. সাখাওয়াত আহম্মেদ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩০ সেপ্টেম্বর বিকেলে নগরীর নূরপুর মহাদেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী কিশোরীর বয়স ১২ বছর এবং সম্পর্কে সে ওই যুবকের শ্যালিকা। তিন বছর আগে আসামির সাথে মামলার বাদী নারীর বড় মেয়ের বিয়ে হয়েছিল। বড় মেয়ে রংপুরে পড়াশোনা করায় সাখাওয়াত নিয়মিত তাদের বাসায় যাতায়াত করতেন।

এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে গত এক বছরের বেশি সময় ধরে ছোট শ্যালিকাকে ধর্ষণ করেন তিনি। গত ১৫ সেপ্টেম্বর আবারও এমন অপরাধ করার সময় বড় বোন বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে অসুস্থ অবস্থায় ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।