শ্রীপুরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ, মামলা দায়ের

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ এএম

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক নারী পোশাক শ্রমিককে (২০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। তার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দায়ের করা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে উপজেলার গাজীপুর ইউনিয়নের হানু মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি স্থানীয় ডিবিএল গ্রুপের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই দম্পতি গত ছয় মাস ধরে হারুন অর রশিদের বাড়িতে ভাড়া থাকছিলেন। এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা বাসা পরিবর্তনের সিদ্ধান্ত নেন। বাড়ির মালিককে তিন মাসের অগ্রিম ভাড়া পরিশোধ করে মালামাল সরানোর কাজও শুরু করেন।

এজাহারে অভিযোগ করা হয়, গত সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ফারুক ও নয়ন তাঁদের বাসায় এসে ভুক্তভোগীর স্বামীকে ডেকে নিয়ে যান। পরে তিনি বাসায় ফিরে আসেন। রাত ৯টার দিকে ফারুক ও নয়ন তাদের দুই অজ্ঞাতপরিচয় সহযোগীকে নিয়ে ওই বাসায় প্রবেশ করেন। একপর্যায়ে তারা ভুক্তভোগীর স্বামীকে মারধর করে পাশের একটি কক্ষে আটকে রাখেন।

পরে ওই নারীকে বাসার পাশের একটি পরিত্যক্ত টিনশেড বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ফারুক ও নয়নের পাশাপাশি তাঁদের দুই সহযোগীও এ ঘটনায় জড়িত। ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার পর অভিযুক্তরা বাড়ির আশপাশে অবস্থান করায় ভুক্তভোগী নারী নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং তাৎক্ষণিকভাবে থানায় যেতে পারেননি। পরে স্বজনদের সহায়তায় তিনি থানায় গিয়ে মামলা করেন।

মামলার আসামিরা হলেন সিলেটের কোতোয়ালি থানার মাজারখানা এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে ফারুক (৩২) এবং শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত সুলতান মুন্সির ছেলে নয়ন (১৯)। ফারুক ধনুয়া দক্ষিণপাড়া এলাকার আক্তার হোসেন দোলনের বাড়ির ভাড়াটিয়া বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর স্বামীর অভিযোগ, তাকে আটকে রেখে মারধর করা হয়। এ সময় অভিযুক্তরা তার স্ত্রী টাকা আনতে গেছেন বলে জানান। পরে স্ত্রীর কাছ থেকে ঘটনার কথা জানতে পারেন তিনি। অভিযোগের বিচার চাইতে বের হওয়ার চেষ্টা করলে তাকে ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমইউ
আরও পড়ুন