মির্জাপুরে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

টাঙ্গাইলের মির্জাপুরে গভীর রাতে একটি দুর্গামন্দিরে হামলা চালিয়ে চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ায় অবস্থিত রাধা গোবিন্দ মন্দিরসংলগ্ন আর্য সমিতির মণ্ডপে এ ঘটনা ঘটে।

গত ১২ সেপ্টেম্বর থেকে ওই মন্দিরে দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছিল। এক সপ্তাহ আগে মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষ হওয়ার পর মণ্ডপটি ঢেকে রাখা হয়েছিল। 

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পরিষ্কার করতে গিয়ে দুর্গা, গণেশ ও অসুরসহ মোট চারটি প্রতিমার অংশবিশেষ ভাঙা দেখতে পান।

ঘটনার খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার ও সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।