মানিকগঞ্জের সাটুরিয়া থেকে প্রায় তিন মাস আগে হুট করেই নিখোঁজ হন এক মানসিক ভারসাম্যহীন নারী। স্ত্রীকে হারিয়ে পাগলপ্রায় স্বামী দিন-রাত এক করে ছুটে বেরিয়েছেন দেশের বিভিন্ন স্থানে। বাস টার্মিনাল, রেলস্টেশন, মাজার থেকে শুরু করে আত্মীয়দের বাড়ি— কোথাও খোঁজ মেলেনি তার।
নিখোঁজ ওই নারী পথ হারিয়ে আশ্রয় নিয়েছিলেন মানিকগঞ্জেরই সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের রাস্তার পাশে। নিজের নাম-ঠিকানা ভুলে রোদ-বৃষ্টি ও ক্ষুধা মাথায় নিয়ে মানুষের দরজায় ঘুরছিলেন তিনি। এমন অসহায় অবস্থায় তাকে দেখে এগিয়ে আসেন স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর 'ভয়েস অব রবিউল ভাই'।
তিনি নারীটির মানবিক দুর্দশা তুলে ধরে একটি সামাজিক সচেতনতামূলক ভিডিও ফেসবুকে পোস্ট করেন। নেটদুনিয়ায় ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে তা পৌঁছায় নিখোঁজ নারীর স্বামীর কাছে। ভিডিও দেখে তাৎক্ষণিক স্ত্রীর অবস্থান নিশ্চিত করেন তিনি।
গত ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) নির্দিষ্ট স্থানে গিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্বামী। মানসিক ভারসাম্যহীন হওয়া সত্ত্বেও স্বামীকে চিনতে ভুল করেননি ওই নারী। দীর্ঘ তিন মাস পর তাদের এই আবেগঘন পুনর্বাসনের দৃশ্য উপস্থিত পথচারীদেরও অশ্রুসজল করে তোলে।