ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জমে উঠেছে নির্বাচনী প্রচার। আগামী ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত চলবে এ প্রচার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়া এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও ঠাকুরগাঁও-১ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বিভিন্ন দলের প্রতিনিধি ও প্রার্থীদের মুখপাত্রদের উপস্থিতিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ সময় সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দ অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ধানের শীষ প্রতীক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন বটগাছ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবেন।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।