গ্রামীণ নিরাপত্তায় গ্রাম পুলিশ সরকারের চালিকাশক্তি: প্রতিমন্ত্রী ইয়াসের খান

গ্রামীণ জনপদের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের আরও সতর্ক, দায়িত্বশীল ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেছেন, গ্রামীণ জনপদের নিরাপত্তায় গ্রাম পুলিশ সরকারের চালিকাশক্তি। তৃণমূল পর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ও কান হিসেবে কাজ করেন তারা। অপরাধ দমনে প্রশাসনের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে এক দিকনির্দেশনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনপদের নিরাপত্তা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মাদক, জুয়া, বাল্যবিবাহসহ সব ধরনের সামাজিক অপরাধ ও বিশৃঙ্খলা প্রতিরোধে গ্রাম পুলিশকে আরও সতর্ক থাকতে হবে। কোনো অপরাধী যেন এলাকায় আশ্রয় নিতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।

গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের আরও দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি পেশাগত মানোন্নয়ন ও ন্যায্য প্রয়োজনে তিনি এবং উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবেন।
সভাপতির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম। বিশেষ করে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে তাদের আরও তৎপর হতে হবে। সময়োপযোগী ও সঠিক তথ্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা সভায় নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাহারুল ইসলাম, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।