চাকরির প্রলোভনে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সিলেট সীমান্তে খুলনার মা-মেয়ে আটক

কলকাতায় চাকরির প্রলোভন দেখিয়ে দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে খুলনার মা-মেয়েকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

 

শনিবার (২১ নভেম্বর) সকালে জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর লালশাপলা বিলসংলগ্ন একটি পরিত্যক্ত মন্দিরের কাছ থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতদের পরিচয়

 

আটকরা হলেন—খুলনার তেরখাদা উপজেলার নয়া বারশাত গ্রামের মাসুদ মোল্লার স্ত্রী রাফেজা বিবি (৪৫) ও তার মা মেহেরুন বিবি (৭০)।

 

যেভাবে আটক হলেন তারা

 

বিজিবি সূত্রে জানা যায়, কলকাতায় চাকরির প্রলোভন দেখিয়ে খুলনার এক দালাল তাদের সিলেট সীমান্ত এলাকায় নিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয় আরেক দালালের কাছে তাদের হস্তান্তরের কথা ছিল। এ সময় ডিবিরহাওর বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

সর্বস্ব হারালেন ভুক্তভোগীরা

 

আটক রাফেজা বিবি জানান, দালালরা তাদের কাছ থেকে ৬০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে।

 

প্রশাসন ও বিজিবির বক্তব্য

 

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় খুলনার এক দালালের পরিচয় শনাক্ত করা হয়েছে। স্থানীয় আরো একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।