সিলেটে ৪ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ : গ্রেফতার ২

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ এএম

সিলেট নগরীর চালিবন্দরে পার্কিং করে রাখা চারটি বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে নগরীর ছড়ারপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—নগরীর ছড়ারপাড় এলাকার সুগন্ধা-৬২ নম্বর বাসার মরহুম আব্দুস সাত্তারের ছেলে মো: মাছুম আহমেদ (৪২) এবং বউবাজারের হেলাল মিয়ার কলোনির সুগন্ধা-২৩/৫ নম্বর বাসার মরহুম খুরশিদ উদ্দিন আহমদের ছেলে নাসিমুর রহমান নাসিম (৪৪)।

 

চালিবন্দরে মধ্যরাতে বাসে অগ্নিসংযোগের ঘটনা

 

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সূত্র জানায়, গত বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে নগরীর চালিবন্দর এলাকার কয়েদী মাঠের পূর্ব পাশে পার্কিং করে রাখা তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় পাশে থাকা আরো একটি বাসেও অগ্নিসংযোগ করা হয়। ভয়াবহ এই আগুনে তিনটি বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অপর বাসটি আংশিক পুড়ে যায়।

 

এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বাসগুলোতে আগুন দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

 

পুলিশের বক্তব্য ও আইনগত ব্যবস্থা

 

শুক্রবার (২০ নভেম্বর) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, ‘গ্রেফতারকৃতরা আওয়ামী লীগের সক্রিয় নেতা। মামলার তদন্তে অগ্নিসংযোগ ও নাশকতায় তাদের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া নাসিমুর রহমান নাসিমের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডে একটি মামলা রয়েছে। গ্রেফতারের পর আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত