সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ

ডাকসু ভিপি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়িস্থ গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, রাত ৩টার পর আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এ ধরনের নাশকতামূলক ও দেশবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে সব সীমা অতিক্রম করা হচ্ছে, যার পরিণতি কখনোই শুভ হবে না।

জাতীয় ও ছাত্রনেতাদের বাসাবাড়ি এবং স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, নেতৃবৃন্দের আবাসস্থলের সুরক্ষায় চরম উদাসীনতা ও নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে। আন্দোলনরত নেতাদের লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

বিবৃতিতে আরও বলা হয়, নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা ও বাসাবাড়ির সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বৃদ্ধি পাবে। পরিশেষে, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।