সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর বাড়িতে আগুন, গাজীপুরে আতঙ্ক

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ এএম

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি এবং সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরনো বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে তার কথিত একটি অডিও বার্তা ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরের জোড়পুকুর সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এই ঘটনা ঘটে। 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পুরো নগরীতে তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

 

যেভাবে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে একদল বিক্ষুব্ধ যুবক মিছিল নিয়ে দক্ষিণ ছায়াবীথি এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মোজাম্মেল হকের পাশের আটতলা ভবনের নিচতলার করিডোরে ভাঙচুর চালানো হয়।

 

মিছিলটি চলে যাওয়ার পর তার পুরনো টিনশেড বাড়িতে আগুন দেয়া হয়। ওই বাড়িতে বর্তমানে কেউ বসবাস করেন না বলে স্থানীয়রা জানান। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাশের আটতলা ভবনটি অক্ষত রয়েছে।

 

ফায়ার সার্ভিস ও পুলিশের বক্তব্য

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী রাত সাড়ে ৯টায় নয়া দিগন্তকে বলেন, রাত ৮টা ৩২ মিনিটে ছায়াবীথির একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

গাজীপুর সদর থানার ওসি মো: আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

ভাইরাল অডিওতে কী ছিল?

 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মোজাম্মেল হকের একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে আগামী ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বাড়িতে আগুন দেয়া ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার নির্দেশনা দেয়ার কথা শোনা যায়।

 

ভাইরাল হওয়া ওই অডিওতে মোজাম্মেল হককে ১৯ নভেম্বর প্রত্যেক ইউনিয়নে দুই-তিনটি বাড়িতে আগুন দেওয়ার কথা বলতে শোনা যায়। আগুনে বাড়ি না পুড়লেও আগুন লাগানোর ঘটনা ঘটলেই মানুষ আতঙ্কিত হবে বলেও তাকে মন্তব্য করতে শোনা যায়। একই অডিওতে বিএনপির নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে, সেখানে লাঠিপেটা করে প্রয়োজনে হাসপাতালে পাঠানো এবং দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলার কথাও বলা হয়। এমনকি ৩০ তারিখের মধ্যে বিএনপিকে ক্ষমতা থেকে উৎখাতের কথাও শোনা যায়। তবে, এটি মোজাম্মেল হকের বক্তব্য কি না বা এ ব্যাপারে তার কোনো বক্তব্য এখনো জানা যায়নি।

 

নেপথ্যের ঘটনা ও পূর্বের হামলা

 

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। গত ১৫ নভেম্বর দলটির একটি ভার্চুয়াল বৈঠকে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন অংশ নিয়েছিলেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। ছড়িয়ে পড়া অডিওটি ওই বৈঠকের রেকর্ড বলে ধারণা করা হচ্ছে। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং এ বিষয়ে মোজাম্মেল হকের বক্তব্যও পাওয়া যায়নি।

 

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর মোজাম্মেল হকের ধীরাশ্রমের গ্রামের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছিল।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত