সৈয়দপুরে যানজটে পৌরবাসীর দুর্ভোগ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে তীব্র যানজটে নাকাল পৌরবাসী। ১০ মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লাগে আধাঘণ্টা। 

যানজটের কারণে সময় মতো শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা কর্মস্থলে যেতে পড়তে হয় বিপাকে। এমনকি জরুরি সেবা অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়িও আটকা পড়ে।

সৈয়দপুরের বিভিন্ন সড়ক এখন ইজিবাইক, ব্যাটারি চালিত রিকশা ও রিকশা ভ্যানের দখলে। দাপিয়ে বেড়াচ্ছে শহরের অলিগলি। তবে এসব যানবাহনের প্রকৃত সংখ্যা কত তা কেউ জানে না। যদিও সৈয়দপুর পৌরসভা থেকে শহরে চলাচলের জন্য লাইসেন্স দেওয়া হয়েছে প্রায় ৩ হাজার যানবাহনকে। তবে এই সংখ্যা ১০ হাজারের মতো।

সৈয়দপুর ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক মো. জাকির হোসেন এবং মাহফুজার আলম বলেন, যানজট নিরসনে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন সদস্যরা। তবে লোকবল কম থাকায় একটু সমস্যা হচ্ছে।

সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান জানান, ‘এতদিন সমন্বয় ছিলো না, এবার সম্মিলিতভাবে যানজট নিরসনে পৌরসভা কাজ করবে। এতে মানুষের ভোগান্তি কমবে।’