রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী জঙ্গলে একটি বন্য হাতির মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে স্থানীয়রা হাতির মরদেহ দেখতে পেয়ে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগকে জানায়।
রাইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বন্য হাতির মৃত্যুর সংবাদটি জানতে পারি। তবে কীভাবে হাতিটির মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল প্রায় ৮টায় হাতিটির মৃত্যু হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পাওয়ার পর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারীসহ ঘটনাস্থলে যাই। মৃত হাতিটির বয়স অনেক বেশি। স্ট্রোকজনিত কারণে হাতিটির মৃত্যু হতে পারে।