চট্টগ্রাম বিমানবন্দরে আজও ১২ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে। 

শনিবার (৭ মার্চ) দুপুর পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহাগামী মোট ১২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর এয়ারফিল্ড বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বাতিল হওয়া ১২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তিনটি (১টি অ্যারাইভাল ও ২টিকে ডিপার্চার), এয়ার অ্যারাবিয়ার চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের তিনটি এবং সালাম এয়ারের দুটি ফ্লাইট রয়েছে।

তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মাস্কাট ও মদিনা রুটে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল করছে। শনিবার সকালে সালাম এয়ারের একটি ফ্লাইট মাস্কাট থেকে চট্টগ্রামে অবতরণ করে এবং পুনরায় ছেড়ে যায়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট মদিনা ও মাস্কাট থেকে এসে পৌঁছেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। সেই সময় থেকে আজ শনিবার পর্যন্ত এই বিমানবন্দর থেকে মোট ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।

NB
আরও পড়ুন