চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে কাঠ বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. হেলাল উদ্দিন নামে এক ইউনিয়ন পরিষদের সদস্য নিহত ও নুরুন্নবী নামে এক যুবলীগ নেতা আহত হয়েছেন।
সোমবার (২৩ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার পদুয়া ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত হেলাল বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্যের দায়িত্বে ছিলেন। অন্যদিকে আহত নুরুন্নবী রাঙ্গুনিয়ার পদুয়া নাপিত পুকুরিয়া ব্রিজঘাটা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, নুরুন্নবীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর পরিবারের কাছে হেলালের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে।