ট্রেনযাত্রীর ব্যাগ থেকে ২৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশনে ট্রেন যাত্রীর কাছে থাকা ট্রলি ব্যাগ ও কাগজের কার্টুন তল্লাশী করে ২৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহন করা যাত্রী মাসুদুর রহমানকেও আটক করেছে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি মাসুদুর রহমান যশোর কোতয়ালি থানার রায়পাড়া চাচড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। 

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের যাত্রী মাসুদুর রহমান কৌশলে কাগজের কার্টুন ও ট্রলি ব্যাগে ফেনসিডিল নিয়ে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনে অভিযান চালিয়ে মাসুদুরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হয়েছে।