ঈদের ছুটিতে আনন্দ নিয়ে বাড়ি ফেরা হলো না তিনজনের। বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ দুই নারী যাত্রী দগ্ধ হয়ে মারা গেছেন। এই দুর্ঘটনায় তিন শিশুসহ আরও অন্তত ৯ যাত্রী গুরুতর দগ্ধ হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। আহতরা হলেন- ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১৯-৩০৪১)। ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং মুহূর্তেই পুরো গাড়িতে দাউদাউ করে আগুন ধরে যায়। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে, যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল না। চালক রিন্টু গাড়ির ভেতরেই দগ্ধ হয়ে মারা যান।
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুই নারী মারা যান। আহত ৯ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত
