নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ১০ম শ্রেণীর স্কুল ছাত্রীকে গণধর্ষণের আসামি মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১ নভেম্বর) সকালে জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ী দেওয়ানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ১০ম শ্রেণীর ছাত্রী ভিকটিম গত ৩০ সেপ্টেম্বর স্কুলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ব্যাটারীচালিত রিকশা চালক সুজন তাকে কৌশলে রিকশায় তুলে অপহরণ করে আসামি মনোয়ারের ভাড়া বাড়িতে নিয়ে যায়। পরে সুজন এবং মনোয়ার মিলে জোরপূর্বক তাকে গণধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। ঘটনাটি কারো নিকট প্রকাশ করলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় তারা। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে অভিযুক্ত শাকিল ও সুজনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আসামিকে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, গ্রেপ্তারকৃত আসামি মনোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।