নওগাঁ সদরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ধারণ করা হয়েছে বলে দাবি করছেন কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসে। তবে ঠিক কখন এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ–এর নওগাঁ জেলা শাখার সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ৭টায় দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি ও জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের দাবি করা হয়।
শফিকুর রহমান মামুন নিজ ফেসবুক পেজে ৩৪ সেকেন্ডের ভিডিওটি আপলোড করেন। পরে জেলার একাধিক নেতাকর্মী সেটি শেয়ার করেন।
ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট পরিহিত শফিকুর রহমান মামুনসহ ৫–৬ জন নেতাকর্মী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে ‘দীর্ঘ ১৮ মাস পর স্লোগানে স্লোগানে মুখরিত নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়।’
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি: সালাহউদ্দিন
