লক্ষ্মীপুরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে লক্ষ্মীপুরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার এলাকায় এই বিক্ষোভ করে তারা। এসময় সড়কে লোকজনের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। যান চলাচল ছিল একেবারে কম।

মিছিল থেকে কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তি ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের দাবি জানায় তারা। এসময় তাদের অবরোধ সমর্থনে নানা শ্লোগান দিতে দেখা গেছে। এতে প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল।

এদিকে পৃথক ভাবে শহরের উত্তর তেমুহনী বঙ্গবন্ধু চত্বর এলাকা থেকে অবরোধ সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া ইটের পোল গরু হাটা এলাকায় সড়কে ইট ফেলে অবরোধ করে জামায়াত-শিবির কর্মীরা। পরে পুলিশ আসার খবর শুনে সড়ক থেকে পালিয়ে যায় তারা।

সদর থানার এসআই মতিন জানান, নাশকতা ঠেকাতে সকাল ৬ টার পর থেকে আমরা মাঠে রয়েছি। অবরোধকারীরা স্থান পরিবর্তন করে ঝটিকা মিছিল ও ফাঁকা সড়কে টায়ারে আগুন দেয়। আমাদের উপস্থিত দেখলে তারা পালিয়ে যায়।