কুয়াকাটার মেয়রের ওপর হামলার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার হামলার শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় পর্যটন মোটেল ইয়োথ-ইন কমপ্লেক্সে শান্তি সমাবেশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আনোয়ার হাওলাদার বলেন, ‘সংসদ সদস্যর সাথে সমাবেশস্থলে গিয়ে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বারেক মোল্লাসহ ও তার দুই ভাই আমাকে আঘাত করে। আহত অবস্থায় চিকিৎসা নিতে ফার্মেসি গেলে সেখানেও হামলা চালায় তারা। এতে আমিসহ অন্তত ১৫ জন আহত হয়।’

অভিযুক্ত বারেক মোল্লার ভাই আনসার উদ্দিন মোল্লা বলেন, মেয়র আনোয়ার হাওলাদারের নেতৃত্বে কুয়াকাটার চিহ্নিত বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা সমাবেশস্থলে গেলে আমরা কর্মীদের নিয়ে বের হয়ে আসি। তখন বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা মেয়র আনোয়ারকে ধাওয়া করে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মেয়রের ওপর হামলার খবর পেয়ে খোঁজখবর নিয়েছি।

মহিপুর থানার ওসি মো. ফেরদৌস আলম খান বলেন, উত্তেজিত নেতা-কর্মীদের সরিয়ে দিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখনও কেউ কোনো অভিযোগ করেনি।